কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) পুলিশ অফিসার থেকে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের কৃতি সন্তান মো. আব্দুল হালিম। তার এই অর্জনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি আনন্দে উদ্বেলিত কালিগঞ্জবাসীও।
গত ২৭ জুন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সদর দপ্তর পুলিশ একাডেমিতে আয়োজিত পদোন্নতি অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ তার হাতে সার্জেন্ট পদমর্যাদার সনদ তুলে দেন।
মো. আব্দুল হালিম বলেন, “আমি প্রথমত একজন বাঙালি, একজন বাংলাদেশি এবং সাতক্ষীরার কালিগঞ্জের সন্তান। নিজের জন্মভূমির নাম বিশ্বের অন্যতম পেশাদার পুলিশ বাহিনীতে কর্মরত থেকে উজ্জ্বল করতে পেরে আমি গর্বিত।”
আব্দুল হালিম কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মৃত শওকাত আলী গাজী ও রোকেয়া বেগমের সন্তান। সরকারি বিএল কলেজ, খুলনায় অধ্যয়নরত অবস্থায় ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে ASA College of Excellence থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক এবং John Jay College of Criminal Justice থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন।
২০১১ সালে তিনি এনওয়াইপিডিতে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে দক্ষতা, নেতৃত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এবার সার্জেন্ট পদে পদোন্নতি লাভ করেন।
তার এই সাফল্যে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, আব্দুল হালিমের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি কালিগঞ্জ তথা সাতক্ষীরার জন্যও গর্বের বিষয়। তার সাফল্য দেশের তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণে উৎসাহ জোগাবে।
এদিকে পদোন্নতির খবরে রতনপুর গ্রামে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং এলাকাবাসীর উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।
বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) এক বিবৃতিতে আব্দুল হালিমকে অভিনন্দন জানিয়ে বলেছে, এই অর্জন পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, তার এই সাফল্য নতুন প্রজন্মকে জনসেবামূলক পেশায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
পেশাগত দায়িত্বের পাশাপাশি মো. আব্দুল হালিম নিজ এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসহায় মানুষের চিকিৎসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন। বর্তমানে তিনি নিউইয়র্কভিত্তিক Jamaica Integrated Bangladeshi Officers Network (JIBON)-এর ভাইস প্রেসিডেন্ট এবং Satkhira Zila Samity USA Inc.-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।