মোঃ ইশারাত আলী :
যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দিবসের সূচনা হয়। এরপর উপজেলার কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
সকাল সাড়ে ৭টায় কালিগঞ্জের সোহরাওয়ার্দী পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কালিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাইনুল ইসলাম খান। পুষ্প অর্পণ শেষে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে দিবসটি উপলক্ষে বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
ভারপ্রাপ্ত ইউএনও মোঃ মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন। বক্তারা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হোসেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।