
মোঃ ইশারাত আলী : সাতক্ষীরার কালিগঞ্জে অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
বিকেল ৫টার দিকে কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল মৌতলা ইউনিয়নের পিরোজপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মেসার্স লায়ন এন্টারপ্রাইজ’-এ আকস্মিক অভিযান চালায়। সেখান থেকে মোট ৩০টি ব্যারেল জব্দ করা হয়। এর মধ্যে ৬ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল পেট্রোল ভর্তি ছিল এবং বাকি ২০টি ব্যারেল খালি পাওয়া যায়।
খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬) তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং অবৈধভাবে মজুদ গড়ে তোলায় তাকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
এর আগে দুপুর ৩টা ২০ মিনিটের দিকে বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে মোঃ আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধ উদ্দেশ্যে তেল মজুদ রাখার দায়ে তাকে ২০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখান থেকে ২০০ লিটার তেল ও তেল বিক্রির সরঞ্জামসহ একটি খালি ব্যারেল জব্দ করা হয়।
সার্কেল এসপি রাজিব আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের নির্দেশনায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা ভবিষ্যতে তেলের দাম বাড়ার আশায় বা অতিরিক্ত মুনাফার লোভে এই মজুদ গড়ে তুলেছিলেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এমন কঠোর ও নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।



